দিলীপ আগরওয়ালার বিরুদ্ধে অর্থ পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে এবার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (২৫ অক্টোবর) ঢাকার একটি আদালত এ আদেশ দেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা সজ্জাদ হোসেনের দাখিল করা আবেদনে বলা হয়, দিলীপ কুমার আগরওয়ালার বিরুদ্ধে ২০২৫ সালের ৮ অক্টোবর মামলা দায়ের করে সংস্থাটি।

মামলার প্রাথমিক অনুসন্ধানে তাঁর বিরুদ্ধে ১১২ কোটি ৪৭ লাখ ২৪ হাজার ৪০৭ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার তথ্য পাওয়া গেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এ ছাড়া ৩৪টি ব্যাংক হিসাবে মোট ৭৫৫ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ২৬৩ টাকা লেনদেনের মাধ্যমে অর্থ হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য।

এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন আদালতে হাজির করার পর একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় এবং তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। পরে আরও কয়েকটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

এসব মামলায় তাঁর আইনজীবীরা নিম্ন ও উচ্চ আদালতে জামিনের আবেদন করেন। সব মামলায় জামিন পাওয়ার পর ২০২৫ সালের ১ অক্টোবর কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তির প্রায় এক বছর পর গত ১৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাঁকে আবার গ্রেপ্তার করা হয়। পরদিন ২০ অক্টোবর তাঁকে রিমান্ডে নেওয়া হয়। এবার দুদকের সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলাতেও তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.