ঢাকায় এক দিনে ৫৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার পিস্তল-ইয়াবা ও জাল নোট

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৪১টি মামলা দায়েরের পাশাপাশি পিস্তল, গুলি, ইয়াবা, গাঁজা, হেরোইন ও জাল নোটসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি ১৭৮ জন গ্রেপ্তার হয়েছেন মিরপুর বিভাগে। এ ছাড়া তেজগাঁও বিভাগে ১০০, ওয়ারী ও মতিঝিল বিভাগে ৭১ জন করে, গুলশান বিভাগে ৫৪, উত্তরা বিভাগে ৪৩, লালবাগ বিভাগে ৪২ এবং রমনা বিভাগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে তিনজনকে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, গুলির একটি খোসার অংশ, তিনটি ছুরি ও আটটি লোহার রড উদ্ধার করা হয়।

এ ছাড়া ১ কেজি ৪৫০ গ্রাম গাঁজা ও ২১ প্যাকেট গাঁজা, ৯ হাজার ৫৮টি ইয়াবা এবং ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে একটি প্রাইভেট কার, একটি মোটরসাইকেল, ১২টি মোবাইল ফোন, ২০০ টাকার ৩২০টি জাল নোট, একটি সিপিইউ, স্ক্যানার, মাউস ও কিবোর্ড। অভিযানে নগদ ১০ হাজার ১০০ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.