দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটির কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর আবারও সচল হয়েছে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল। আজ রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। বন্দর ও কাস্টমস খুলে যাওয়ায় ফিরতে শুরু করেছে কর্মচাঞ্চল্য।
বন্দরসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গত ১৬ অক্টোবর শুক্রবার থেকে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে রোববার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্য বাণিজ্য আবারও চালু হয়েছে।
এদিকে, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক ছিল। তবে সকালে কার্যক্রম শুরু হলেও দুপুরের পর পণ্য পরিবহন এবং লোড-আনলোডের গতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, দুর্গাপূজার ছুটি শেষে রোববার সকাল থেকে বন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। টানা কয়েক দিনের ক্ষতি পুষিয়ে নিতে রাত-দিন কাজ চলবে।
তিনি জানান, বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে ফিরিয়ে আনা এবং আমদানি-রপ্তানির জমে থাকা কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় কার্যক্রম চালানো হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.