পুলিশের জন্য ৬ হাজার ৬০৮ কোটি টাকার গাড়ি কেনার উদ্যোগ

বাংলাদেশ পুলিশের যানবাহন সংকট দূর করতে ৫ হাজার ৮৩০টি গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য দুটি পৃথক প্রকল্পে মোট ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

প্রকল্প দুটি অনুমোদনের জন্য আগামী ২৫ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপনের কথা রয়েছে। সচিবালয়ে অনুষ্ঠিতব্য এ সভায় সভাপতিত্ব করবেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রস্তাবিত প্রকল্পের আওতায় সাধারণ কার্যক্রম পরিচালনার জন্য ৪ হাজার ৮২৯টি যানবাহন কেনায় ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩২৮ কোটি টাকা। অন্যদিকে, বিশেষায়িত ১ হাজার ১টি যানবাহন সংগ্রহে ব্যয় প্রস্তাব করা হয়েছে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা। সরকারি অর্থায়নে প্রকল্প দুটি ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রকল্প প্রস্তাব অনুযায়ী, দেশের ৬৩৯টি প্রশাসনিক থানায় বর্তমানে পুলিশের যানবাহন রয়েছে ১ হাজার ২৩৭টি। এসব যানবাহন দিয়ে প্রায় ১ লাখ ৪৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় পুলিশি কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে থানাপ্রতি গড়ে দুটি গাড়িও নেই। তার ওপর বিদ্যমান যানবাহনের প্রায় ৬৪ শতাংশের বয়স ১০ বছরের বেশি।

পুরোনো ও অপর্যাপ্ত যানবাহনের কারণে নিয়মিত টহল, জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের মোতায়েনে সমস্যা হচ্ছে। নতুন যানবাহন যুক্ত হলে পুলিশের টহল, অভিযান পরিচালনা ও অপরাধ দমনের সক্ষমতা বাড়বে বলে প্রকল্প প্রস্তাবনায় উল্লেখ করা হয়েছে।

বিশেষায়িত যানবাহনের তালিকায় রয়েছে দাঙ্গা নিয়ন্ত্রণের গাড়ি, অল-টেরেইন ভেহিকল (এটিভি), মোবাইল কমান্ড সেন্টার ও ক্রাইম সিন ভ্যান। জনতা নিয়ন্ত্রণ, দুর্গম এলাকায় অভিযান এবং অপরাধস্থল থেকে আলামত সংগ্রহে এসব যানবাহন ব্যবহার করা হবে।

এ ছাড়া নৌপথের নিরাপত্তা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকার সুরক্ষা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধার কার্যক্রম পরিচালনায় স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকা কেনার পরিকল্পনা রয়েছে।

প্রকল্প দুটির ব্যয় পরিকল্পনায় ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৮০ কোটি ৯৪ লাখ টাকা, ২০২৭-২৮ অর্থবছরে ২ হাজার ৮৬৭ কোটি ৫৫ লাখ টাকা এবং ২০২৮-২৯ অর্থবছরে ১ হাজার ৬৬০ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

যানবাহন পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবল তৈরির উদ্যোগও রাখা হয়েছে। সাধারণ যানবাহনসংক্রান্ত প্রকল্পে ১ হাজার পুলিশ সদস্য এবং বিশেষায়িত যানবাহনসংক্রান্ত প্রকল্পে ৯৬০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি গাড়ি মেরামতের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য দেড় কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.