সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা থেকে দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে।
এ ছাড়া, চলমান বিমান হামলার পরিস্থিতি বিবেচনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদগামী রুটের সব ফ্লাইট আগামী ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং সংশোধিত যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।
বিমানের জনসংযোগ বিভাগ থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, ঢাকা থেকে জেদ্দা ও মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটসমূহ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
জনসংযোগ বিভাগ জানায়, জরুরি প্রয়োজনে দাম্মাম ও রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকার সাপেক্ষে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফেরত আসতে পারবেন। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.