সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় আহত ২ বাংলাদেশির পরিচয় মিলেছে

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। বর্তমানে তারা দাম্মামস্থ সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রবাসী কল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানায়।

মন্ত্রণালয় জানায়, বুধবার রাত আনুমানিক ৯টায় দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে এক হামলায় দুজন বাংলাদেশি আহত হন। বর্তমানে তারা দাম্মামস্থ সৌদি জার্মান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি ওই হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। তারা গরম ও ধোঁয়ায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। তাদের শরীরে আঘাতের চিহ্ন নেই। বর্তমানে তারা সুস্থ রয়েছেন এবং দূতাবাস প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আশা করা যাচ্ছে, আগামীকাল তাদের রিলিজ দেওয়া হবে।

তাদের একজনের নাম সজল চন্দ্র দাস। তিনি কুমিল্লা জেলার বাঙ্গরাবাজার থানার রামচন্দ্রপুর গ্রামের চন্দ্র দাসের ছেলে। আরেক জনের নাম মোহাম্মদ আব্দুর রহিম। তিনি নোয়াখালী জেলা সদরের দিনমনিরহাট এলাকার গোবিগল্লপপুর গ্রামের সিরাজুল হকের ছেলে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় ২৭ বাংলাদেশি আহত হয়েছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.