হরমুজে জাহাজ চলাচলের চেষ্টা করলে মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি ইরানের

হরমুজ প্রণালিতে ইরানের অনুমোদনহীন পথে জাহাজ চলাচলের চেষ্টা করা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ড।

বাহিনীটি জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য চাপ দেওয়ায় গত কয়েক দিনে মাইনে আঘাত পেয়ে একাধিক জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। এরপরও ওই পথে জাহাজ চলাচলের চেষ্টা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ড বলেছে, ‘যুক্তরাষ্ট্রের আগ্রাসী সেনাবাহিনীকে অবশ্যই বুঝতে হবে, এ ধরনের তৎপরতা অব্যাহত থাকলে প্রতিরোধ এ অঞ্চলে আগ্রাসীদের ঘাঁটি পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।’

এর আগে বৃহস্পতিবার সকালে বিপ্লবী গার্ড জানায়, তেল চোরাচালানে জড়িত চারটি জাহাজে হামলা চালানো হয়েছে। এতে জাহাজগুলোতে আগুন ধরে যায়। অন্যদিকে, তিনটি জাহাজ হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে মাইনে আঘাত পেয়েছে।

গত ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে রেখেছে ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্রও পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে। এতে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

তবে এর মধ্যেও ছোট ছোট জাহাজে করে আরব দেশগুলোর তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হচ্ছিল। এমনকি সেপ্টেম্বরে তেল সরবরাহের পরিমাণ যুদ্ধ শুরুর পরবর্তী সময়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। এরপর থেকেই ইরান ছোট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.