প্রধানমন্ত্রীর সঙ্গে ‘অপেশাদার আচরণ’, বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার

রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। বদলির আদেশের পর রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

ইউসুফ আলী অতিরিক্ত সচিব পদমর্যাদায় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবর্তে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে রেজাউল আলম সরকারকে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও মাত্র দুই মাস আগে রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে যোগ দেওয়া ইউসুফ আলীকে কেন এত দ্রুত সরানো হলো, প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়নি।

তবে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, রাজশাহীতে প্রধানমন্ত্রীর সফরের সময় ‘অপেশাদার আচরণ’ করায় তাকে সরানো হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজশাহী সফর শেষে শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সামরিক বিমানে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি রাজনৈতিক নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাত মেলান। একপর্যায়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তবে তারেক রহমান তাকে সরিয়ে দেন। রাষ্ট্রাচার ভেঙে তিনি এমনটি করেছেন বলে আলোচনা চলছে। এর পরপরই ইউসুফ আলীকে বদলি করা হয়।

২০২৬ সালের ১৯ আগস্ট রাজশাহীর বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পান ইউসুফ আলী। এর আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.