মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মিশরে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানী কায়রোর পশ্চিমে পশ্চিম মরুভূমি সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের গিজা শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, কায়রো থেকে আসিউতগামী সড়কে পর্যটকবাহী বাসটির সঙ্গে একটি বড় ট্রাকের সংঘর্ষ হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।

দুর্ঘটনার পর বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা জানান, সংঘর্ষের পর সড়কে বাসের ভাঙা অংশ, লোহার কাঠামো ও যাত্রীদের আসন ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল। পরে ক্রেনের সাহায্যে বাসটি উদ্ধার করা হয় এবং সড়ক থেকে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয়।

মিশরের সংবাদপত্র আল-আহরাম জানিয়েছে, আহতদের গিজা শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিশরে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। বেপরোয়া গাড়ি চালানো, যানবাহনের যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব এবং ট্রাফিক আইন প্রয়োগে দুর্বলতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, গত বছর মিশরে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর আগে গত মাসে সিনাইয়ে একটি বাস দুর্ঘটনায় ২২ জন নিহত হন। তাঁদের মধ্যে জর্ডানের ১০ জন পর্যটক ছিলেন।

এ ছাড়া গত আগস্টে মিশরের উত্তরাঞ্চলে কৃষিশ্রমিক বহনকারী দুটি পিকআপ ট্রাকের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু ছিল।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.