পতেঙ্গা কনটেইনার টার্মিনালে ঘণ্টায় ৭২ মুভ হ্যান্ডলিংয়ের রেকর্ড

চট্টগ্রামের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি বাংলাদেশ। আন্তর্জাতিক শিপিং লাইন সিএমএ সিজিএমের জাহাজ ‘এমভি আমুরো’ পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিং করেছে প্রতিষ্ঠানটি।

বন্দর ও টার্মিনাল সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর জাহাজটির পরিচালন কার্যক্রমে মাত্র ২১ ঘণ্টায় মোট ১ হাজার ৫২৪টি কনটেইনার খালাস ও বোঝাই করা হয়। এসব কনটেইনারের পরিমাণ প্রায় ২ হাজার ৫৭১ টিইইউ। টার্মিনালটিতে শিপ-টু-শোর (এসটিএস) ক্রেন চালুর পর এটিই সর্বোচ্চ উৎপাদনশীলতার রেকর্ড।

এর আগে চলতি বছরের সেপ্টেম্বরে ঘণ্টায় ৫৮ মুভ ও ৮২ টিইইউ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়েছিল প্রতিষ্ঠানটি। ফলে মাত্র এক মাসের ব্যবধানে ঘণ্টাপ্রতি কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

এমভি আমুরো পরিচালনার সময় আরএসজিটি বাংলাদেশের কার্যক্রমের প্রশংসা করেছে জাহাজটির পরিচালনাকারী আন্তর্জাতিক শিপিং প্রতিষ্ঠান সিএমএ সিজিএম। নতুন এই অর্জনের মাধ্যমে পরিচালন দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানের কনটেইনার টার্মিনাল সেবা নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি।

আরএসজিটি বাংলাদেশ দেশের প্রথম আন্তর্জাতিক কনটেইনার টার্মিনাল অপারেটর হিসেবে কাজ করছে। দেশীয় বন্দর অবকাঠামোর প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বৈশ্বিক শিপিং লাইন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে কাজ করছে প্রতিষ্ঠানটি।

নতুন এই অর্জন প্রসঙ্গে আরএসজিটি বাংলাদেশের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) নাবিল ইউসুফ বলেন, ‘আমাদের প্রতি সংশ্লিষ্ট সব অংশীজনের আস্থা ও বিশ্বাসকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করি। পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড প্রতিষ্ঠা, সর্বোচ্চ বৈশ্বিক মান বজায় রাখা এবং বন্দরের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সেখানে আমরা অবিচল। এর মাধ্যমে বৈশ্বিক মেরিটাইম শিল্পে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি।’

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.