শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে একদিনে দেশের তিন বিভাগ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের প্রথম গন্তব্য রংপুর। এরপর রাজশাহী হয়ে চট্টগ্রাম যাবেন তিনি। সফর শেষে মঙ্গলবার রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস উইংয়ের তথ্য অনুযায়ী, রংপুর সফর শেষে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা হবেন। সেখানে হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে পৌঁছানোর পর দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।
রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এ সময় পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করার কথা রয়েছে তাঁর।
চট্টগ্রামে কর্মসূচি শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছুক্ষণ অবস্থান করবেন প্রধানমন্ত্রী। পরে রাতে বিমানে ঢাকায় ফিরবেন তিনি।
এক দিনের এই সফরে তিন বিভাগের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন সরকারপ্রধান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.