চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য এনসিসি ব্যাংকের ‘চায়না ডেস্ক’ চালু

বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দিতে ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

গত ১৪ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) আয়োজনে এবং এনসিসি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে ডেস্কটির উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

এ সময় বিসিসিসিআইয়ের সদস্যরা, এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সজ্জাদুন নেওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দিন, শামীমা নেওয়াজ, মোর্শেদুল আলম চাকলাদার ও নাহিদ বানুসহ ব্যাংকটির অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মীর সাজেদুল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস অনুষ্ঠানে অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে চীনা ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের এ উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজ করার পাশাপাশি দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।

বিশেষ অতিথি ড. লিউ ইউইন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং প্ল্যাটফর্ম চালুর উদ্যোগকে স্বাগত জানান। তাঁর প্রত্যাশা, এ ডেস্ক দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, চায়না ডেস্ক চালুর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকটির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। তাঁর মতে, ‘এনসিসি চায়না কানেক্ট’ দুই দেশের মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ‘এনসিসি চায়না কানেক্ট’-এর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়া হবে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।

তিনি জানান, ব্যাংকটির বহুজাতিক করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত এ ডেস্ক চীনা উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় যোগাযোগমাধ্যম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে ম্যান্ডারিন ভাষায় সহায়তার পাশাপাশি বাণিজ্য অর্থায়ন, চলতি মূলধন, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, নগদ ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।

এম. শামসুল আরেফিন আরও জানান, চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে করেসপন্ডেন্ট ব্যাংকিং সম্পর্ক এবং বিশ্বব্যাপী প্রায় ৪০০টি করেসপন্ডেন্ট ব্যাংকের নেটওয়ার্ক কাজে লাগিয়ে চীনের সঙ্গে আন্তসীমান্ত বৈদেশিক বাণিজ্যের লেনদেন সহজ ও দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি চীনা মুদ্রা রেনমিনবিতে চীনা বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরিতেও কাজ করছে ব্যাংকটি।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.