পুঁজিবাজারে ৭ সহযোগী প্রতিষ্ঠানের ঘাটতি পূরণে সময় বেঁধে দিল বিএসইসি

বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স বাতিলের প্রক্রিয়ায় থাকা ৯টি আর্থিক প্রতিষ্ঠানের অধীন ১২টি পুঁজিবাজার-সংশ্লিষ্ট সহযোগী প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানকে মূলধন ও নিট সম্পদসংক্রান্ত ঘাটতি পূরণ এবং সিকিউরিটিজ আইন পরিপালনের জন্য নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোকে আগামী ৩০ এপ্রিল ২০২৭ সালের মধ্যে প্রয়োজনীয় ঘাটতি পূরণ ও আইন পরিপালন নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

সময়সীমা পাওয়া সাতটি প্রতিষ্ঠান হলো—প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ লিমিটেড, ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেড, ফারইস্ট স্টকস অ্যান্ড বন্ডস লিমিটেড, পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, আইএল ক্যাপিটাল লিমিটেড, জিএসপি ইনভেস্টমেন্টস লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

অন্যদিকে, নিট সম্পদ পরিস্থিতি সন্তোষজনক থাকায় চারটি প্রতিষ্ঠানকে নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—প্রিমিয়ার লিজিং সিকিউরিটিজ ব্রোকিং লিমিটেড, অ্যাভিভা ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্টস লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

এ ছাড়া এফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে আগেই ঘাটতি পূরণের জন্য ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

পুঁজিবাজারে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আর্থিক সক্ষমতা বজায় রাখা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান পরিপালন নিশ্চিত করতেই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.