বর্ণাঢ্য আয়োজন, আবেগঘন স্মৃতিচারণ, ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবার, হাস্যরস ও পারিবারিক আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ঢাকার পেশাজীবীদের সংগঠন ঢাকা প্রফেশনাল কমিউনিটি (DPC)- এর ৩য় বর্ষপূর্তি ও ফ্যামিলি ডে।
গত ১৬ অক্টোবর ঢাকা কেন্দ্রের মনোরম ছাদ বাগানে অনুষ্ঠিত এ মিলনমেলায় বিভিন্ন পেশার সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও সমবেত জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে DPC’র প্রতিষ্ঠাতা এম হাসান আলী সংগঠনটির তিন বছরের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ২০২৩ সালে কয়েকজন বন্ধুকে নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটি আজ হাজারো পেশাজীবীর আস্থার প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি তরুণদের মেন্টরশিপ, কর্মসংস্থান ও সামাজিক কার্যক্রমে DPC’র ভূমিকা আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ DPC পরিবারের সন্তানদের সংবর্ধনা। ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ আজিম বখ্শ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এমন উদ্যোগ উপস্থিত সদস্য ও অভিভাবকদের প্রশংসা অর্জন করে। পরে সূত্রাপুর, কোতোয়ালি, গেন্ডারিয়া, বংশাল, লালবাগ, চকবাজার, হাজারীবাগসহ বিভিন্ন এলাকার পেশাজীবীরা শুভেচ্ছা বক্তব্য দেন।
সাংস্কৃতিক পর্বে পুঁথি পাঠ, স্বরচিত কবিতা আবৃত্তি ও ঢাকাইয়া ভাষায় কমেডি স্ট্যান্ডআপ পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সন্ধ্যায় ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবার, প্রাণবন্ত আড্ডা, সংগীত পরিবেশনা ও গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
সমাপনী বক্তব্যে এম হাসান আলী বলেন, DPC শুধু একটি সংগঠন নয়, এটি মূলত একটি পরিবার। আপনাদের ভালোবাসা ও আন্তরিকতাই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। ইনশাআল্লাহ, ভবিষ্যতে তরুণদের মেন্টরশিপ ও সামাজিক কর্মকাণ্ডে DPC আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন বছরের পথচলায় পারস্পরিক সৌহার্দ্য, পেশাদারিত্ব ও ঢাকাইয়া ঐতিহ্যকে ধারণ করে DPC’র এ আয়োজন সদস্যদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে। আগামীতে আরও বৃহৎ পরিসরে বেশি সদস্যের অংশগ্রহণে এমন আয়োজন হবে- এটাই সবার প্রত্যাশা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.