ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আঞ্চলিক বিভিন্ন পক্ষের কাছ থেকে উন্নত সামরিক সহযোগিতা পাচ্ছে বলে দাবি করেছেন সৌদি আরবের সামরিক কর্মকর্তা ও সৌদি-ইয়েমেন প্রতিরক্ষা জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানিয়েছেন, হুথিদের অস্ত্র ও গোলাবারুদের ১২৭টি গুদাম ইতোমধ্যে ধ্বংস করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।
গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আল-মালিকি।
তিনি বলেন, আঞ্চলিক বিভিন্ন পক্ষের সহায়তায় হুথিরা পরিকল্পিতভাবে উন্নত সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে। তাঁর দাবি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন, আত্মঘাতী ড্রোন এবং বিস্ফোরকবাহী দ্রুতগামী নৌযানের মতো অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে গোষ্ঠীটির হাতে।
আল-মালিকি বলেন, প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানোর সুবিধার্থে হুথিরা ইয়েমেনের সানা, সা’দা ও আমরান অঞ্চলের পার্বত্য এলাকায় একাধিক অস্ত্র ও গোলাবারুদের গুদাম তৈরি করেছে। সৌদি নেতৃত্বাধীন জোট এসব স্থাপনা ধ্বংসে অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে ১২৭টি গুদাম ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, হুথিদের হামলায় ব্যবহৃত বিভিন্ন স্থাপনা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের নেটওয়ার্ক ধ্বংস করতে কাজ করছে জোটের সম্মিলিত বাহিনী।
আল-মালিকির ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য অঞ্চলের গুদাম এবং স্থায়ী ও ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্রগুলো শনাক্ত করে ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি এসব সামরিক সক্ষমতার সঙ্গে যুক্ত অস্ত্র ও ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ এবং পরিচালনাকারীদের লক্ষ্য করেও অভিযান চালানো হচ্ছে।
১৫ দিনে সৌদি আরবে ২০ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
সংবাদ সম্মেলনে সৌদি সামরিক জোটের মুখপাত্র জানান, ১ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ দিনে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথি গোষ্ঠী। এ ছাড়া রিয়াদের পাশাপাশি দাম্মাম ও আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
আল-মালিকির দেওয়া তথ্য অনুযায়ী, এসব হামলায় ১৯ জন নিহত এবং ৩৬৪ জন আহত হয়েছেন।
বেসামরিক নাগরিক ও স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সৌদি আরবের বেসামরিক নাগরিক ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হুথিরা ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে। গত শনিবার (১০ অক্টোবর) রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলার কথাও উল্লেখ করেন তিনি।
তাঁর অভিযোগ, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, বন্দর ও তেল স্থাপনায় হামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে হুথিরা। এসব কর্মকাণ্ডকে বেসামরিক জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করে তিনি গোষ্ঠীটির হামলার নিন্দা জানান।
গত ১৫ দিনের হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল-মালিকি বলেন, নিহতদের স্বজনদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করছেন তাঁরা। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.