মক্কার মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ তাঁদের গ্রেপ্তার করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হলে বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের দোষী সাব্যস্ত করেন।

বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং মসজিদের মতো পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত তাঁদের মৃত্যুদণ্ড দেন। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এ রায় বহাল রাখে। এরপর দণ্ড কার্যকরের জন্য রাজকীয় আদেশ জারি করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০২৬ সালের ১৪ অক্টোবর বুধবার মক্কা অঞ্চলে নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, মসজিদের পবিত্রতা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন প্রয়োগে সৌদি সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

একই সঙ্গে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে তাঁকেও আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.