আইপিওর আগে এআই প্রতিষ্ঠান ‘অ্যানথ্রপিকের’ আয় ১৬৮০ কোটি ডলার

আন্তর্জাতিক বাজার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের আয় চলতি বছরের তৃতীয় প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় ৪৫ শতাংশ বেড়ে ১৬৮০ কোটি ডলারে পৌঁছেছে। একই সময়ে সমন্বিত হিসাব অনুযায়ী মুনাফা করার কথাও সম্ভাব্য বিনিয়োগকারীদের জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্কিন পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রস্তুতির মধ্যে দ্রুত আয় বৃদ্ধি ও মুনাফার সম্ভাবনা তুলে ধরে বিনিয়োগকারীদের আস্থা অর্জনের চেষ্টা করছে তারা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে সম্ভাব্য বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানায় অ্যানথ্রপিক। অনুষ্ঠানে উপস্থিত দুই ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ১১৬০ কোটি ডলার। প্রথম প্রান্তিকে এ আয় ছিল ৪৭০ কোটি ডলার।

আইপিওর আগে বিনিয়োগকারীদের প্রতিষ্ঠানটির ব্যবসা ও আর্থিক অবস্থার সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা দারিও আমোদেই ও প্রধান অর্থ কর্মকর্তা কৃষ্ণ রাওয়ের সঙ্গে কথা বলেন সম্ভাব্য বিনিয়োগকারীরা। অনুষ্ঠান শেষে কয়েকজন বিনিয়োগকারী রয়টার্সকে জানান, প্রতিষ্ঠানের দ্রুত আয় বৃদ্ধি এবং মুনাফার পথে এগিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা আশাবাদী।

বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, চলতি বছরের শেষ নাগাদ অ্যানথ্রপিকের বার্ষিক আয় ১১০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। প্রতিষ্ঠানটি আইপিওর মাধ্যমে ২ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যায়ন অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। তবে বিপুল ব্যয়ে উন্নত এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনার কারণে প্রতিষ্ঠানটির আর্থিক সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন রয়েছে।

অনুষ্ঠানে এআই নিরাপত্তার ওপর প্রতিষ্ঠানের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন আমোদেই। তবে উন্নত এআইয়ের কারণে মানবজাতির অস্তিত্ব বিলুপ্তির ঝুঁকি নিয়ে তিনি আলোচনা করেননি বলে অনুষ্ঠানে উপস্থিত একজন জানিয়েছেন। গত মাসে রয়টার্সের দেখা অ্যানথ্রপিকের আইপিও-সংক্রান্ত নথিতে উন্নত এআই থেকে মানবজাতির জন্য বিপর্যয়কর বা অস্তিত্বগত ঝুঁকির আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছিল।

অনুষ্ঠানে অ্যানথ্রপিক নিজেদের ব্যবসায় এআই ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরে। এর মধ্যে নিজস্ব চিপ নকশা তৈরিতে এআই ব্যবহারের বিষয়টিও ছিল। অংশগ্রহণকারীদের কয়েকজনকে ‘থিংকিং’ লেখা টুপিও দেওয়া হয়।

এআই ব্যবস্থা তৈরি ও পরিচালনার জন্য চিপ, তথ্যকেন্দ্র এবং বিপুল কম্পিউটিং সক্ষমতায় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ব্যয় বাড়ছে। ফলে এসব প্রতিষ্ঠানের আয় ও মুনাফার হিসাব আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিনিয়োগকারীরা।

রয়টার্সের গত মাসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০২৫ সালে অ্যানথ্রপিকের আয় প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছায়, যা আগের বছরের তুলনায় ১২ গুণ। তবে একই সময়ে পরিচালন পর্যায়ে প্রতিষ্ঠানটির লোকসান ৮ বিলিয়ন ডলারের বেশি ছিল। বিভিন্ন দায়ের হিসাব সমন্বয়ের আগের এই লোকসানের তথ্য প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধির পাশাপাশি ব্যয়ের চাপও তুলে ধরে।

এ ছাড়া ক্লাউড সেবা, কম্পিউটিং সক্ষমতা ও অবকাঠামো খাতে আগামী এক দশকে অন্তত ৫১৮ বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি রয়েছে অ্যানথ্রপিকের। এই বিপুল ব্যয়ের বিপরীতে আয় বৃদ্ধির ধারা ধরে রেখে দীর্ঘ মেয়াদে লাভজনক হওয়াই প্রতিষ্ঠানটির বড় চ্যালেঞ্জ।

ওপেনএআইয়ের সাবেক কর্মকর্তাদের প্রতিষ্ঠিত অ্যানথ্রপিক তাদের ক্লদ মডেল পরিবারের মাধ্যমে জেনারেটিভ এআই খাতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। প্রতিষ্ঠানটির সম্প্রসারণে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ও অ্যামাজনের বিনিয়োগ এবং কম্পিউটিং অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ দুই প্রতিষ্ঠান এআই বাজারে অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বীও।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তির সম্ভাবনা রয়েছে। প্রতিদ্বন্দ্বী ওপেনএআইয়ের আগে প্রতিষ্ঠানটির আইপিও বাজারে এআই কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হতে পারে।

অ্যানথ্রপিক, কৃত্রিম বুদ্ধিমত্তা, আইপিও, আয় বৃদ্ধি, ১৬৮০ কোটি ডলার, ২ ট্রিলিয়ন ডলার, দারিও আমোদেই, ক্লদ, এআই নিরাপত্তা, অ্যালফাবেট, অ্যামাজন, প্রযুক্তি বিনিয়োগ

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.