মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের কারাদণ্ড থেকে মুক্তি পেতে আপিল করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় তাঁর পক্ষে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সিফাত মাহমুদ।

গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তিনটি অভিযোগে ইনুকে পৃথকভাবে ১০ বছর করে কারাদণ্ড দেন। তবে তিনটি সাজা একই সঙ্গে কার্যকর করার নির্দেশ দেওয়ায় মোট ১০ বছর কারাগারে থাকতে হবে তাঁকে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের সূত্রে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।

২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ইনুর সাজা বাড়ানোর আবেদন করতে প্রসিকিউশনও আপিলের প্রস্তুতি নিচ্ছে। গত ৪ অক্টোবর এ সপ্তাহেই আপিল করার কথা জানিয়েছিলেন প্রসিকিউটর তামিম।

এ ছাড়া শাপলা চত্বরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায়ও ইনুর বিচার চলছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.