পাকিস্তানের মুলতানে রেহমান বাবা এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও উদ্ধারকারীরা জানিয়েছেন, মুলতানের শের শাহ সেতুর কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়।
আহতদের উদ্ধার করে মুলতানের নিস্তার হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চলছে। লাইনচ্যুত হওয়া ১৪টি বগির মধ্যে ১৩টি আবার রেললাইনে তোলা হয়েছে। তবে একটি বগি এখনো পড়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ট্রেনটি করাচি থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল।
অন্য এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনার আগে ট্রেনের নবম বগির নাটবল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। এরপরই দুর্ঘটনাটি ঘটে। তবে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
এর আগে ২০২৩ সালে সিন্ধু প্রদেশের নওয়াবশাহের কাছে হাজারা এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছিল। ওই দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং কয়েক শ যাত্রী আহত হন। এরপর দেশটিতে ট্রেনের নিরাপত্তা নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তিন বছর পর আবারও বড় ধরনের ট্রেন দুর্ঘটনা ঘটল।
দুর্ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি নিজে উদ্ধার অভিযান তদারকি করছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
হাসপাতালে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কি না, তা এখনো স্পষ্ট নয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.