রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, ঢাকার নিন্দা

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবিলম্বে সংঘাত বন্ধ করে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদে বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অগ্রহণযোগ্য। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

এ ঘটনায় সৌদি সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। পাশাপাশি আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সংঘাত বন্ধ, বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.