ভারতের রাজধানী দিল্লিতে ধর্না কর্মসূচি থেকে সরে যেতে পুলিশের নির্দেশ না মানায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সাউথ অ্যাভিনিউয়ে একটি বাসভবনের সামনে থেকে তাঁকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেত্রী দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনসহ দলের অন্য নেতারাও ধর্নায় অংশ নেন। পরে ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ তাঁদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে সেখান থেকে সরে যেতে বলে। কিন্তু মমতা ও তাঁর সঙ্গে থাকা নেতারা ধর্না চালিয়ে গেলে তাঁদের আটক করা হয়।
টিভি৯-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক নেতাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। তবে তাঁদের কোথায় নেওয়া হচ্ছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে একই দিনে কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও আটক করে দিল্লি পুলিশ। তাঁকে আটকের পর কোথায় নেওয়া হয়েছে, তা নিয়েও তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ পরিস্থিতিতে একই দিনে দুই রাজ্যের সাবেক দুই মুখ্যমন্ত্রীকে আটকের ঘটনা আলোচনায় এসেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.