ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় উত্তরাঞ্চলীয় চেরনিহিভের প্রিলুকি জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাতে পাঁচ শিশুসহ অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।
বুধবার (৭ অক্টোবর) চালানো হামলায় ইউক্রেনের বিভিন্ন এলাকায় একযোগে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
চেরনিহিভের প্রিলুকি জেলার একটি পাঁচতলা আবাসিক ভবনে হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর। ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গে সেখানে নিহতের সংখ্যা বাড়তে থাকে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স ছিল মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে সন্ধ্যায় ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহতদের মধ্যে সাতজন শিশুও রয়েছে।
ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটির একটি বড় অংশ ধসে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের ভবনগুলোর জানালার কাচ ভেঙে যায়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভবনটির বিভিন্ন অংশে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
হামলার সময় অনেক বাসিন্দাই নিজেদের ঘরে ছিলেন। স্থানীয় বাসিন্দা ৪০ বছর বয়সী ওলেনা সায়ুন বলেন, বিস্ফোরণের সময় তিনি স্বামী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। বিস্ফোরণের ধাক্কায় ঘরের জানালার কাচ ভেঙে যায়। সন্তানকে রক্ষা করতে তিনি ও তার স্বামী শরীর দিয়ে তাকে আড়াল করার চেষ্টা করেন।
এদিকে রাশিয়ার সম্ভাব্য হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভেও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। রাতভর বিমান হামলার সতর্কসংকেত চলার সময় অনেকেই ব্যাগ, কম্বল ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মেট্রো স্টেশনে আশ্রয় নেন।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।
জেলেনস্কি জানিয়েছেন, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে সক্ষম হলেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলা এখনো বড় চ্যালেঞ্জ। এ কারণে আরও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
রুশ হামলার কারণে ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও জনজীবনের ওপর চাপ আরও বাড়ছে। শীতকাল সামনে থাকায় জ্বালানি অবকাঠামো নিয়ে দেশটির উদ্বেগও বাড়ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.