ক্রিটের দক্ষিণে চার অভিযানে ১৯৫ অভিবাসীকে উদ্ধার করল গ্রিক কোস্টগার্ড

গত কয়েক দিনে আবহাওয়া অনুকূলে থাকায় গ্রিক উপকূলের দিকে অভিবাসীদের যাত্রার হার বেড়েছে। গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সোমবার রাতে চারটি পৃথক অভিযানে ১৯৫ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করেছে হেলেনিক কোস্টগার্ড।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে কি না, তা এখনো জানা যায়নি। সর্বশেষ উদ্ধারের ঘটনা সম্পর্কে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহনিী ফ্রন্টেক্সের একটি চালকবিহীন আকাশযানের মাধ্যমে একটি নৌকার সন্ধান পাওয়া গিয়েছিল। নৌকাটিতে ৫০ জন অভিবাসী ছিলেন।

ক্রিটের কাল্লি লিমেনেস এলাকার দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী জাহাজ তাদের শনাক্ত করে। এ সময় আবহাওয়া ভালো ছিল এবং বাতাসের গতিবেগ ছিল অনুকূল।

এর আগে একই এলাকার দক্ষিণে আরেকটি অভিযানে ৬৫ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। কাল্লি লিমেনেস থেকে ৪২ নটিক্যাল মাইল দক্ষিণে তাদের উদ্ধার করে গ্রিক কোস্ট গার্ডের একটি জাহাজ। পরে তাদের নিরাপদে ওই এলাকার বন্দরে নিয়ে যাওয়া হয়।

এ ছাড়া আগিয়া গালিনির দক্ষিণে আরও দুটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রতিটি অভিযানে ৪০ জন করে মোট ৮০ জনকে উদ্ধার করা হয়।

ফ্রন্টেক্সের একটি চালকবিহীন আকাশযানের মাধ্যমে তাদের অবস্থান শনাক্ত করার পর নিরাপদে আগিয়া গালিনির বন্দরে নিয়ে যাওয়া হয়। এ সময় আবহাওয়া তুলনামূলক ভালো ছিল এবং বাতাসের গতিবেগ ছিল বিউফোর্ট স্কেলে সর্বোচ্চ ৫।

সব মিলিয়ে চারটি অভিযানে ১৯৫ জন অভিবাসী ও শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। কয়েক ঘণ্টার ব্যবধানে অভিযানগুলো পরিচালনা করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের সবাইকে নিরাপদে গ্রিসের মূল ভূখণ্ডে স্থানান্তরের জন্য নির্ধারিত প্রোটোকল অনুসরণ করা হবে।

গ্রিসের অভিবাসন ও আশ্রয়মন্ত্রীর মতে, ২০২৬ সালের প্রথম সাত মাসে দেশটিতে আশ্রয়প্রার্থীদের আগমন আগের বছরের একই সময়ের তুলনায় ৩৫ শতাংশের বেশি কমেছে।

তবে অভিবাসনপ্রত্যাশীদের জন্য গ্রিস এখনো ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। গাভদোস, ক্রিট এবং পূর্ব এজিয়ান সাগরের বিভিন্ন গ্রিক দ্বীপ উত্তর আফ্রিকা ও তুরস্ক থেকে ইউরোপের দিকে যাত্রা করা মানুষের গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.