শাইনপুকুর সিরামিকস পিএলসি ও বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি পিএলসি (বেক্সিমকো)–এর প্রস্তাবিত পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির ১০৩৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৬ অক্টোবর অনুষ্ঠিত কমিশন সভায় বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে কোম্পানি দুটির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।
শাইনপুকুর সিরামিকসের প্রস্তাবিত পর্ষদে রয়েছেন— এএসএফ রহমান চেয়ারম্যান, ওকে চৌধুরী পরিচালক, ইকবাল আহমেদ পরিচালক, আজমল কবির পরিচালক এবং কোয়ামরুন নাহার আহমেদ পরিচালক। এছাড়া করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী দুজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।
অন্যদিকে, বেক্সিমকোর প্রস্তাবিত পর্ষদে এএসএফ রহমান চেয়ারম্যান, ওকে চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক, ইকবাল আহমেদ পরিচালক, আজমল কবির পরিচালক এবং কোয়ামরুন নাহার আহমেদ পরিচালক হিসেবে থাকবেন। এছাড়া শাহ মঞ্জুরুল হককে স্বতন্ত্র পরিচালক এবং করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮ অনুযায়ী আরও একজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা হবে।
কমিশন সভায় কোম্পানিগুলোর পক্ষ থেকে করা আবেদন এবং সংশ্লিষ্ট আদালতের নির্দেশনার বিষয় বিবেচনায় নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে মামলা প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে কমিশনের আগে জারি করা সংশ্লিষ্ট আদেশগুলো প্রত্যাহারের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.