নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ৩২ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু সদস্য ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) নিয়মিত সামরিক মিশনে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে উড্ডয়নের পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রান্স ২৪-এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে নাইজেরিয়ায় এটি অন্যতম প্রাণঘাতী বিমান দুর্ঘটনা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় জানিয়েছে, দুর্ঘটনায় নিহত ৩২ জনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীসহ পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক সময়।

দুর্ঘটনার পর নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগা জানান, এ সময় দেশজুড়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে। বিমানটি একটি নৌঘাঁটির কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয় এবং বিমানমন্ত্রী ফেস্টাস কেইয়ামো।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল এটিআর-৪২ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমান। নির্মাতাদের তথ্য অনুযায়ী, এই ধরনের বিমানে সাধারণত ৩০ থেকে ৫০ জন যাত্রী বহনের সক্ষমতা রয়েছে।

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট টিনুবু। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নাইজেরিয়ার বিমানবাহিনীকে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে তার কার্যালয়।

দুর্ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী ৩৯ বছর বয়সী জ্বালানি কাঠ বিক্রেতা দায়ো আকিন্তে বার্তা সংস্থা এএফপিকে জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় তিনি প্রচণ্ড শব্দ শুনেছিলেন। তার কাছে শব্দটি বজ্রপাতের মতো মনে হয়েছিল।

দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নদীর কাছে বহু মানুষকে জড়ো হতে দেখা যায়। সেখানে উদ্ধারকারীদের নৌকায় করে তল্লাশি চালাতেও দেখা গেছে।

বিমানবাহিনীর মুখপাত্র এহিমেন এজোদামে জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জরুরি সেবা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। পুলিশও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নাইজেরিয়ায় সামরিক বিমান দুর্ঘটনার ঘটনা অবশ্য নতুন নয়। ২০২১ সালের মে মাসে উত্তরাঞ্চলীয় কাদুনা প্রদেশে অবতরণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দেশটির তৎকালীন শীর্ষ সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আতাহিরুসহ ১১ জন নিহত হন। খারাপ আবহাওয়ার মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।

এর আগে ২০১৫ সালের আগস্টে উত্তর নাইজেরিয়ায় একটি সামরিক বিমান বাড়ির ওপর বিধ্বস্ত হলে বিমানে থাকা সাতজনই নিহত হন। একই মাসের শুরুতে লাগোসে একটি হেলিকপ্টার উপহ্রদে বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক পাইলট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.