পদত্যাগ করেছেন ইরানের তেলমন্ত্রী মহসিন পাকনেজাদ। রোববার (৪ অক্টোবর) তার পদত্যাগের খবর নিশ্চিত করে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিভাগের উপপ্রধান মেহেদি তাবাতাবাই জানান, পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে তেল মন্ত্রণালয়ের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিভাগের এই উপপ্রধানের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু।
পাকনেজাদের পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে ইরানের তেল খাত যুক্তরাষ্ট্রের নজিরবিহীন নিষেধাজ্ঞার চাপে থাকার মধ্যেই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ে এই পরিবর্তন এলো।
নতুন ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কর্মজীবনের বড় একটি অংশ তেলক্ষেত্র পরিচালনার সঙ্গে যুক্ত ছিল।
এর আগে গত শনিবার (৩ অক্টোবর) মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট দাবি করেন, সমুদ্রে ইরানের আর কোনো তেলবাহী জাহাজ অবশিষ্ট নেই। তার ভাষ্য অনুযায়ী, চলতি সপ্তাহে ইরান তেল খাত থেকে কোনো রাজস্ব পাবে না।
গত ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরুর ঘোষণা দেয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে ইরানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার লক্ষ্যেই এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
ইরানের তেল রপ্তানি ও রাজস্ব আয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞার চাপের মধ্যেই তেলমন্ত্রী পাকনেজাদের পদত্যাগ এবং তার স্থলে ভারপ্রাপ্ত মন্ত্রী নিয়োগের ঘটনা ঘটল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.