সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রাশেদুল কাওসার ভূইয়ার নামে থাকা সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপসহকারী পরিচালক মো. মিজানুর রহমান।
আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৭৫৩ টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে রাশেদুল কাওসারের বিরুদ্ধে করা মামলাটি তদন্তাধীন। তদন্তকালে তার বিভিন্ন ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, রাশেদুল কাওসার তার ঘনিষ্ঠজনদের মাধ্যমে এসব ব্যাংক হিসাবে থাকা অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব সম্পদ অন্যত্র হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর করা হলে রাষ্ট্রের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে ব্যাংক হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.