ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের তাগিদ অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির

দেশের আর্থিক প্রতিষ্ঠান তথা ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। সেই সঙ্গে ব্যাংক খাতের সার্বিক চিত্র তুলে ধরে পরবর্তী বৈঠকে স্পষ্ট তথ্য-উপাত্ত ও বাস্তবায়ন রূপরেখা উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মুশফিকুর রহমান এমপি। বৈঠকের শুরুতে বিগত ২য় ও ৩য় বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয় এবং সেসব বৈঠকে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে কমিটির সামনে উপস্থাপন করা হয়। এরপর মূল আলোচনায় উঠে আসে দেশের আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতের সাম্প্রতিক অবস্থা।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে ব্যাংক খাতের বর্তমান চিত্র নিয়ে একটি সচিত্র প্রতিবেদন ও বিবরণী কমিটির সামনে তুলে ধরা হয়। তবে উপস্থাপিত বিষয়ের ওপর বিস্তারিত আলোচনায় অংশ নিয়ে সংসদীয় কমিটির সদস্যরা ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, দেশের সার্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে ব্যাংকিং খাতে পুরোপুরি স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। আলোচনার একপর্যায়ে কমিটি সার্বিক তথ্য পরিবেশনায় আরও গভীরতা ও স্পষ্টতার প্রয়োজনীয়তা অনুভব করে এবং আগামী বৈঠকে এ সম্পর্কিত পূর্ণাঙ্গ ও স্পষ্ট তথ্য-উপাত্ত হাজির করার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেয়।

গুরুত্বপূর্ণ এই সংসদীয় বৈঠকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এ ছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন সংসদীয় কমিটির সদস্য চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি, মো. জালাল উদ্দিন এমপি, মঈনুল ইসলাম খান এমপি, মো. সফিকুর রহমান (কিরন) এমপি, মো. সাইফুল আলম এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি এবং মো. আবুল হাসনাত এমপি।

উচ্চপর্যায়ের এই বৈঠকে সরকারের নীতিনির্ধারণী কর্মকর্তা ও নীতি বাস্তবায়নকারী সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.