কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে বহন করা গাড়ি ভাঙচুর করা হয়। পরে পুলিশ তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যায়।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার লালন শাহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে হামলার ঘটনার একাধিক ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুক পোস্টে লিখেছেন, ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারী ভাইয়ের ওপর বিএনপির হামলা।
এর মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করছেন কিছু লোক।
এনসিপি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব সুলতান মারুফ তালহা অভিযোগ করেন, ছাত্রদলের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম বলেন, হামলার ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের বিষয়টি জানা নেই। তিনি কখন, কেন এসেছেন, সেটা জানতাম না। ঘটনার পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.