অল্প সময়ের ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল

অল্প সময়ের ব্যবধানে ভারত ও মিয়ানমারে তিনটি ভূমিকম্প আঘাত হানার পর শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। রাত সোয়া ১২টা থেকে দেড়টার মধ্যে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত, ভারতের মিজোরাম ও ত্রিপুরা এলাকায় এসব ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।

ইএমএসসির তথ্য অনুযায়ী, রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি হয়। কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকায় এর উৎপত্তি হওয়ায় আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও এ ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।

এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।

পরে রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।

এদিকে পরপর তিনটি ভূমিকম্পে বিভিন্ন এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলেও তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.