খেলাপি ঋণের প্রকৃত হিসাব জনগণের কাছ থেকে লুকানো হয়েছিল: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

খেলাপি ঋণের প্রকৃত হিসাব জনগণের কাছ থেকে লুকানো হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ৩৫ দশমিক ৭ শতাংশ খেলাপি ঋণের পরিমাণকে ১১ শতাংশ দেখিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছিল।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১১টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘শিক্ষা-শিল্পের ঐকতান, কর্মসংস্থানের সমাধান’ প্রতিপাদ্যে আয়োজিত ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া কোলাবোরেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিতুমীর বলেন, পতিত সরকার জনগণের ইচ্ছা, আকাঙ্ক্ষা ও অগ্রযাত্রার কথা বিবেচনা না করে নিজেদের পৃষ্ঠপোষকতার অর্থনীতি চালু রেখেছিল। জনমিতিক লভ্যাংশ অর্জনের গুরুত্বপূর্ণ সময়ে তারা অর্থনীতিতে তাণ্ডব চালিয়েছে।

তিনি বলেন, নিজেদের পৃষ্ঠপোষকতা বজায় রেখে ওই সরকার অর্থনীতিকে ধ্বংস করে গেছে। তাদের সময়ে দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে পড়ায় যুবসমাজের জন্য অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি হয়েছে। এমনকি অর্থনৈতিক পরিস্থিতির পরিসংখ্যানও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ওই সরকারের কারণে দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় ১ কোটি বেড়েছে।

খেলাপি ঋণের বিষয়ে তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এর পরিমাণ ৩ শতাংশ কমিয়ে ৩২ দশমিক ৫ শতাংশে নিয়ে এসেছে। একই সঙ্গে বাংলাদেশের কর-জিডিপির অনুপাত সারা বিশ্বের মধ্যে তলানির দিকে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তিতুমীর বলেন, উন্নয়নের কথা বলতে বলতে পালিয়ে যেতে হয়েছে তাদের। পৃথিবীতে খুব কম দেশ আছে, যেখানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে পালিয়ে যেতে হয়েছে।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবুল খায়ের গ্রুপ, বেটোপিয়া গ্রুপ, টেলিটক, ইনোফিক্স আইটি সলিউশনস, বেনকিউ, টেকনোডেরা, টিপি-লিংক বাংলাদেশ, সিঙ্গার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, রাজবাড়ী জুট মিলস, গ্রামীণফোন, আকিজ রিসোর্স, মেটাডোর ডিস্ট্রিবিউশন, বিকাশ, বিআরবি কুষ্টিয়া, ডিবিসি নিউজ, গোল্ডেন জুট ও ব্র্যাকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.