বিমানবন্দরে লাগেজ-সংকটে বিশৃঙ্খলা, জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, শুক্রবার সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। তাঁকে গ্রেপ্তার করা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এ বিষয়ে এখনো কিছু বলা সম্ভব নয়। মামলা হওয়ায় তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, ব্যাপক যাত্রীচাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আসা একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমানমন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আখতারুজ্জামান তাঁকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশের প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একাধিকবার বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.