সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তের অংশ হিসেবে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র করেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। এরপরই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেন মিষ্টি।
মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার পর থেকেই মিষ্টির পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।
ঘটনার পর দলীয় পর্যায়ে মিষ্টির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।
এর পরদিনই তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত সামনে আসে। দলীয় সূত্র জানিয়েছে, সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগ করতে পারেন মিষ্টি।
ফেরদৌসী আহমেদ মিষ্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও এর আগে বিভিন্ন অভিযোগ ও বিতর্ক ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগের কারণে বিভিন্ন সময়ে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্নও তৈরি হয়।
তবে এসব অভিযোগের বিষয়ে তার পক্ষ থেকে কী বক্তব্য রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংসদ সদস্য হিসেবে ফেরদৌসী আহমেদ মিষ্টির দায়িত্বের আনুষ্ঠানিক অবসানের প্রক্রিয়া শুরু হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.