পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত অর্ধবার্ষিক আর্থিক বিবরণীর নিরীক্ষিত প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রতিবেদন অনুমোদন করার পর তা প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন,২০২৬ তারিখে সমাপ্ত দুই প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়েছিল। ব্যাংকটি তার আর্থিক প্রয়োজনে একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার করার সিদ্ধান্ত নিয়েছে। বিধি অনুসারে, বন্ড ইস্যু করতে চাইলে সর্বশেষ সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন আবেদনের সঙ্গে জমা দিতে হয়। তাই এমটিবি অর্থবার্ষিক আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করিয়েছে। এ কাশেম অ্যান্ড কোম্পানি ব্যাংকটির আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করেছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবদনে আগের অনিরীক্ষিত প্রতিবেদন থেকে কোনো ব্যত্যয় ঘটেনি।
এমটিবি সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম দুই প্রান্তিকে (জানুয়ারি’২৬-জুন’২৬) সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি আয় হয়েছে ৯৯ পয়সা, যা গতবছর একই সময়ে ১ টাকা ৭ পয়সা ছিল। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫৪ টাকা ৭৭ পয়সা, যা আগের বছর একই সময়ে ৪ টাকা ৭২ পয়সা ছিল। গত ৩০ জুন, ২০২৬ তারিখে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৮ টাকা ১৬ পয়সা।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.