একনেকে উঠছে ১৫ প্রকল্প, তালিকায় মেডিকেল কলেজ থেকে বিমানবন্দর উন্নয়ন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য ১৫টি নতুন ও সংশোধিত প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। স্বাস্থ্য, কৃষি, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের এসব প্রকল্পের মধ্যে রয়েছে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন, নদীভাঙন প্রতিরোধ, বিমানবন্দরের রানওয়ে উন্নয়ন এবং বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের মতো উদ্যোগ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

২০২৬-২৭ অর্থবছরের এ সভায় অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো, কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান, ভৌত অবকাঠামো এবং শিল্প ও শক্তি খাতের বিভিন্ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

প্রস্তাবিত ১৫ প্রকল্পের মধ্যে স্বাস্থ্য খাতের তিনটি প্রকল্প রয়েছে। এগুলো হলো—মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালীকরণ, যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের চতুর্থ দফা মেয়াদ বৃদ্ধি।

আর্থিক খাতে রয়েছে ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’। এ ছাড়া চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগের বিদ্যমান শারীরিক প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়ন ও সম্প্রসারণের প্রকল্পও তালিকায় রয়েছে।

কৃষি ও পানিসম্পদ খাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ছোট কুমার ও ধামাই নদী অববাহিকার সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প রয়েছে। একই সঙ্গে মেঘনা নদীর ভাঙন থেকে ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেঘনা এলাকার সুরক্ষার প্রকল্পও উপস্থাপন করা হবে।

ভূমি ব্যবস্থাপনা খাতে ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে তিনটি সিটি করপোরেশন, পাঁচটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপনের প্রকল্প রয়েছে।

স্থানীয় সরকার খাতে রংপুর বিভাগের উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রাখা হয়েছে।

ভৌত অবকাঠামো খাতে রয়েছে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর দ্বিতীয় পর্যায়। এ ছাড়া যশোর, সৈয়দপুর ও রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের রানওয়ের সারফেস অ্যাসফল্ট কংক্রিট ওভারলেকরণ প্রকল্পও রয়েছে। র‍্যাবের কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির প্রকল্পও এ তালিকায় রাখা হয়েছে।

শিল্প ও শক্তি খাতে কক্সবাজারের পেকুয়া এলাকায় বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্প রয়েছে।

একনেকে এসব প্রকল্প অনুমোদন পেলে স্বাস্থ্যসেবা, নদী ও বন্যা ব্যবস্থাপনা, সড়ক যোগাযোগ, ভূমি ব্যবস্থাপনা, বিমানবন্দর অবকাঠামো এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.