রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসবে কয়েক দফায়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম সরবরাহ শুরু করছে রাশিয়া। আগামী অক্টোবর থেকে কয়েক দফায় এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পাঠানো হবে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

রোসাটম জানিয়েছে, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ করা হবে। ডিসেম্বরের শেষ নাগাদ ইউরেনিয়াম সরবরাহের পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। চুক্তি ও প্রকল্পের নির্ধারিত সময়সূচি অনুযায়ী কয়েকটি ফ্লাইটে করে এসব জ্বালানি বাংলাদেশে পৌঁছাবে।

রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের চালান বাংলাদেশে আসে। তবে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় সম্প্রতি ইউরেনিয়াম পরিবহনের ফ্লাইট সূচিতে পরিবর্তন আনতে হয়।

রোসাটম জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির পর ইউরেনিয়াম পরিবহনের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট সব অংশীজনকেও জানানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী অক্টোবর থেকেই রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি বাংলাদেশে আসবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছায়। চলতি বছরের মে মাসে ওই জ্বালানি পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরি সহায়তাসহ বিভিন্ন সহযোগিতা দিচ্ছে রাশিয়া।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.