হরমুজ নিয়ে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা তীব্র, যুদ্ধ হলে প্রস্তুত তেহরান

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে তেহরানের দেওয়া সাত দিনের রোডম্যাপ ওয়াশিংটন প্রত্যাখ্যান করার পর ইরান জানিয়েছে, আবার যুদ্ধ শুরু হলে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের সংঘাত শুরু হলে তেহরান পিছু হটবে না। যেকোনো ধরনের সংঘাত মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এর আগে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা কমাতে সাত দিনের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রস্তাব করেছিল ইরান। তবে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা হতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই সংঘাতে বিজয়ী হবে।

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে, কৌশলগত এই জলপথ থেকে তারা যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক পানির নিচের ড্রোন জব্দ করেছে। তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

অন্যদিকে, ইরানে সাম্প্রতিক বিমান হামলায় ব্যবহৃত হয়েছে এমন একটি ব্রিটিশ বিমানঘাঁটির কাছে পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ ও সন্ত্রাসবাদে জড়িত থাকার সন্দেহে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্রের বিরোধের মধ্যে নতুন করে আলোচনার সম্ভাবনার কথা শোনা গেলেও দুই দেশের অবস্থান এখনো পরস্পরবিরোধী। ফলে চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক সমাধানের পথ কতটা এগোবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.