রাজধানীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)।

ডিবির ওয়ারী বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার কাজলারপাড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রুবেল ও সেলিনাকে আটক করে তাদের কাছ থেকে ৩ হাজার ৯০২টি জাল নোট উদ্ধার করা হয়। উদ্ধার করা জাল নোটের আনুমানিক মূল্য ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়েছে।

ডিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে রাজধানীর বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিল। পরে এসব নোট আসল টাকা হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা করার উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখত।

পুলিশ জানিয়েছে, জাল নোটের কারবারের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.