এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও প্রখ্যাত মার্কেট রিসার্চার বীর মুক্তিযোদ্ধা মনজুরুল হক আর নেই। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
মনজুরুল হকের মৃত্যুতে এইমস অব বাংলাদেশ লিমিটেড ও ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মনজুরুল হক ২০০১ সাল থেকে এইমস অব বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। টানা ২৫ বছর তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। কোম্পানির শেয়ারহোল্ডার ও পরিচালকদের তাঁর প্রতি দীর্ঘদিনের আস্থা ও শ্রদ্ধার প্রতিফলন হিসেবে তাঁর এই দীর্ঘ দায়িত্বকালকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডির তাকওয়া মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই দিনে তাঁর জন্মস্থান বগুড়ায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়ার পর বগুড়ার নামাজগড় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মনজুরুল হক একই সঙ্গে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি যৌথ উদ্যোগভিত্তিক জরিপ ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ এবং বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালটেন্টসের সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালটেন্ট (সিএমসি) ছিলেন।
১৯৯৪ সালে তিনি ওআরজি-মার্গ কোয়েস্ট লিমিটেড (ওএমকিউ) প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি দেশের একটি শীর্ষস্থানীয় যৌথ উদ্যোগভিত্তিক সামাজিক ও বাজার গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। ২০০৩ সালের শুরুতে তিনি তাঁর অংশীদারিত্ব AC Nielsen-এর কাছে হস্তান্তর করেন। পরে তিনি কোয়েস্ট অ্যান্ড এইমস কনসালটিং সার্ভিসেস প্রতিষ্ঠা করেন।
২০০৪ সালে ওআরজি ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরবর্তীতে ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড (ওর্কোয়েস্ট)-এ রূপান্তরিত হয়।
মনজুরুল হক তাঁর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী ক্যাডেট কলেজে সম্পন্ন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ফাইজানা হক, একমাত্র কন্যা সুমাইয়া নকশী এবং দুই নাতনিকে রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এইমস অব বাংলাদেশ লিমিটেড ও ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেডের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং কর্মকর্তা-কর্মচারীরা। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.