সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

সরকারের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তাকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মিরপুরের রাধা ক্লিনিক ও কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, সরকারের নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি সক্রিয়ভাবে দেখছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে তিনি বলেন, সফরটি ফলপ্রসূ হয়েছে। জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনা ও অগ্রাধিকার তুলে ধরেছেন। তাঁর বক্তব্যে কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণদের বিষয় গুরুত্ব পেয়েছে।

বোয়িংয়ের কাছ থেকে বিমান কেনার চুক্তি প্রসঙ্গে মাহদী আমিন বলেন, কোনো চাপের কারণে এ চুক্তি হয়নি। দ্বিপক্ষীয় সম্পর্ক ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই চুক্তিটি করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার সকাল সাড়ে ৮টার দিকে দেশে ফেরেন। সফরে তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন উচ্চপর্যায়ের ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

গুরুত্বপূর্ণ শব্দ: সরকার, মাহদী আমিন, অপকর্ম, আইনগত ব্যবস্থা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, যুক্তরাষ্ট্র সফর, জাতিসংঘ, সাধারণ অধিবেশন, বোয়িং, জাতীয় স্বার্থ, তারেক রহমান

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.