কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসার উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটি দেখা দিলে কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট।

তবে ওই এলাকায় কোনো রানওয়ে না থাকায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়।

কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর-জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গো প্রদেশের ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন।

দুর্ঘটনার আগুনে নিহতদের মধ্যে ১২ জনের মরদেহ এতটাই পুড়ে যায় যে তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাইলটের মরদেহ পাওয়া যায়।

নিহতদের মধ্যে দুই জেনারেলসহ শীর্ষ সামরিক কর্মকর্তা, সরকারি প্রতিনিধিদলের সদস্য এবং কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন বলে জানা গেছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে।

খনিজ সম্পদে সমৃদ্ধ মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.