১ লাখ মার্কিন তরুণকে চীন সফরের আমন্ত্রণ শি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হোয়াইট হাউজে বক্তব্য রাখার সময় বলেছেন, আগামী পাঁচ বছরে শিক্ষা বিনিময় কর্মসূচির আওতায় এক লাখ তরুণ মার্কিনিকে তারা চীন সফরের আমন্ত্রণ জানাচ্ছেন।

যুক্তরাষ্ট্র ও চীন- এই দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং একসঙ্গে একটি আরও উন্নত বিশ্ব গড়ে তোলার কথাও বলেন তিনি।

বেইজিং ও ওয়াশিংটনের বন্ধুত্বের প্রসঙ্গে শি বলেন, আটলান্টা চিড়িয়াখানায় তাদের নতুন আবাসস্থলে দুটি পান্ডা আমেরিকানদের সঙ্গে দেখা করবে। পান্ডা উপহার দেওয়া দীর্ঘদিন ধরেই চীনের বন্ধুত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীন দুই দেশেরই উচিত তাদের সম্পর্ক জোরদার করা। তিনি বলেন, “চীন ও যুক্তরাষ্ট্র আলাদা… তবে আন্তরিক, গভীর ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে আমাদের দুই দেশ একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবে এবং পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে পারবে।”

তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প একে অপরকে “সম্মান” করেন এবং যোগাযোগ বজায় রাখেন বলে উল্লেখ করেন শি জিনপিং। তিনি বলেন, “আমাদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করা উচিত” এবং দুই দেশের স্বার্থ “গভীরভাবে সংযুক্ত” বলেও উল্লেখ করেন।

একসঙ্গে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন চীনা প্রেসিডেন্ট। দুই দেশের মধ্যকার সহযোগিতা “বিশ্বের প্রতিটি সমস্যা সমাধান নাও করতে পারে”, তবে এটি ছাড়া বিশ্বের অনেক সমস্যার সমাধান করাই কঠিন হবে বলে মনে করেন শি জিনপিং।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে অভিনন্দন জানান চীনা প্রেসিডেন্ট।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.