ওমান উপকূলে টর্পেডো হামলায় ভারতীয় নাবিক নিহত

ওমানের পূর্ব উপকূলে ভারতগামী বাণিজ্যিক জাহাজ এমভি কেপ দাওয়ে টর্পেডো হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। হামলার পর জাহাজে থাকা ১৯ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিহত নাবিকের নাম সুরজ যাদব। উত্তর প্রদেশের দেওরিয়া জেলার বাসিন্দা সুরজ জাহাজটিতে ‘ওয়াইপার’ হিসেবে কর্মরত ছিলেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাহাজটিতে থাকা ২০ ভারতীয় নাবিকের মধ্যে ১৯ জনকে উদ্ধার করা হয়েছে। ওমানে থাকা ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া নাবিকদের দেশে ফেরাতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

ফরোয়ার্ড সিমেনস ইউনিয়ন অব ইন্ডিয়ার দাবি, জাহাজটিতে দুটি টর্পেডো আঘাত হানে। এর একটি নাবিকদের থাকার জায়গার কাছে এবং অন্যটি ইঞ্জিন কক্ষের কাছে আঘাত করে।

এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ভারত বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের ওপর হামলা বন্ধ এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে দেশটি।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.