জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এ নৈশভোজের আয়োজন করেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আসা বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা এতে অংশ নেন। নৈশভোজে বিশ্বনেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রতিনিধিদেরও উপস্থিতি ছিল।
এর আগে একই দিন সকালে সরকার ও রাষ্ট্রপ্রধানদের সম্মানে প্রাতরাশের আয়োজন করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন তিনি



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.