চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে ২০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ প্রায় ২৫ হাজার ৩৭৫ কোটি টাকা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে প্রবাসীরা যে পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন, গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২০৩ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এবার প্রবাসী আয় বেড়েছে ৩ কোটি ২০ লাখ ডলার।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭৮৮ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৬৯৩ কোটি ডলার। এ হিসাবে এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলারের প্রবাসী আয় আসে। এরপর আগস্টে রেমিট্যান্স এসেছে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরে দেশে মোট ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। আর ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.