আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ২৮ জঙ্গি নিহতের দাবি

আফগানিস্তানের সীমান্তবর্তী দুই প্রদেশে বিমান হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি করেছে পাকিস্তান। সোমবার পাকতিকা ও কুনার প্রদেশে এসব হামলা চালানো হয়েছে বলে দেশটির এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তবে হামলায় বেসামরিক হতাহতের অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

পাকিস্তানের হামলার কয়েক ঘণ্টা আগে তালেবান কর্তৃপক্ষ দাবি করে, গভীর রাতে সীমান্ত এলাকায় চালানো বিমান হামলায় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের এক কর্মকর্তা জানান, পাকতিকা ও কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় ২৮ জন নিহত হওয়ার তথ্য জানালেও দেশটির সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, কুনার প্রদেশের একটি বাড়িতে বিমান হামলায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। পাকতিকার দুটি স্থানেও বোমাবর্ষণ করা হয়। এতে একটি দোকান ও একটি খালি বাড়ি ধ্বংস হয়েছে বলে দাবি করেন তিনি।

হামলার সময়ের পরিস্থিতি তুলে ধরে স্থানীয় বাসিন্দা ৫৫ বছর বয়সী মুলা খান বলেন, বোমা বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

এ হামলার মধ্য দিয়ে প্রায় তিন মাস ধরে সীমান্ত এলাকায় চলা আপেক্ষিক শান্তি আবারও ভেঙে পড়ল। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের এই আগ্রাসনের যথাযথ জবাব দেওয়া হবে।

দুই দেশের সম্পর্ক কয়েক বছর ধরেই উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানে অবস্থান করা পাকিস্তানবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্ত পেরিয়ে দেশটির বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। ইসলামাবাদ বারবার কাবুলকে এসব গোষ্ঠীকে আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

গত ফেব্রুয়ারি থেকে দুই দেশের এই বিরোধ সরাসরি সামরিক সংঘাতে রূপ নেয়। বছরের প্রথমার্ধে পাল্টাপাল্টি বিমান ও ড্রোন হামলার পাশাপাশি গোলাবর্ষণে উভয় পক্ষের বহু মানুষ নিহত হন।

তবে পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে তালেবান সরকার বলে আসছে, দেশটির অভ্যন্তরে জঙ্গিবাদ একটি অভ্যন্তরীণ সমস্যা। আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলার অভিযোগও তারা প্রত্যাখ্যান করেছে।

সম্প্রতি পাকিস্তানে কয়েকটি হামলার পর দুই দেশের সীমান্ত পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। গত শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের কোহাত জেলায় একটি পুলিশ ক্যাম্পে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ২৪ জন নিহত হন।

এর এক দিন পর রোববার আফগান সীমান্তসংলগ্ন হাঙ্গু জেলায় পৃথক বন্দুকযুদ্ধে পাকিস্তানের ছয় সেনা ও আট সশস্ত্র বিদ্রোহী নিহত হওয়ার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান অতীতে দেশটিতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পর আফগান ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে। সর্বশেষ বিমান হামলার ঘটনাও দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.