দীর্ঘ ১১ বছর পর আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) শুরু হতে যাওয়া তিন দিনের এই রাষ্ট্রীয় সফরকে ঘিরে ওয়াশিংটন ও বেইজিংয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
চলতি বছর মে মাসে বেইজিংয়ে বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে এটি হবে দ্বিতীয় সরাসরি শীর্ষ বৈঠক।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হোয়াইট হাউসের যৌথ ঘোষণায় জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর পর্যন্ত শি জিনপিংয়ের যুক্তরাষ্ট্র সফর চলবে। সফরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নিজে জয়েন্ট বেস অ্যান্ড্রুজের বিমানঘাঁটিতে গিয়ে চীনা প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। পরদিন হোয়াইট হাউসের সাউথ লনে পূর্ণ সামরিক সম্মান ও ২১ বার তোপধ্বনির মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
এরপর রোজ গার্ডেনে সামরিক কুচকাওয়াজ পরিদর্শন করবেন শি। পরে ওভাল অফিস ও ক্যাবিনেট রুমে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের ইস্ট রুমে বিশেষ নৈশভোজের আয়োজন করা হবে। এতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী ও প্রযুক্তি খাতের ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের মধ্যে টেসলার প্রধান ইলন মাস্ক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এবং এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের নাম রয়েছে।
গত মে মাসে ট্রাম্পের চীন সফরেও মাস্ক, কুক ও হুয়াং তার সফরসঙ্গী ছিলেন। শুক্রবার সকালে আনুষ্ঠানিক অধিবেশন, বিকেলে চা-চক্র ও ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের পর চীনা প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার কথা রয়েছে।
দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে বাণিজ্যিক সম্পর্কই অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে। গত বছর দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও শির বৈঠকের পর যে এক বছরের বাণিজ্যযুদ্ধ-বিরতি হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ার পথে। ফলে ওই সমঝোতা ধরে রাখা দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এ ছাড়া পারস্পরিক শুল্ক কমানো, যুক্তরাষ্ট্র থেকে চীনের বিপুল পরিমাণ কৃষিপণ্য কেনা এবং বাণিজ্যিক উড়োজাহাজ কেনাবেচা নিয়ে নতুন সমঝোতার চেষ্টা হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তা নিয়েও দুই নেতা একটি আনুষ্ঠানিক সংলাপের কাঠামো চূড়ান্ত করার বিষয়ে আলোচনা করতে পারেন।
প্রস্তাবিত এ সংলাপের আওতায় উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় একটি বিশেষ জরুরি সংকেত আদান-প্রদান ব্যবস্থা চালুর বিষয়ও থাকতে পারে।
বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। জিনজিয়াংয়ে জোরপূর্বক শ্রমের অভিযোগে নিষেধাজ্ঞা, অত্যাধুনিক প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এবং চীনা রোবোটিক্স ও বিদ্যুৎ রূপান্তরক যন্ত্রের ওপর মার্কিন বিধিনিষেধের মতো বিষয়গুলো এ বিরোধকে আরও জটিল করেছে। ইরানের সঙ্গে ব্যবসা করা চীনা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ওয়াশিংটন নিষেধাজ্ঞা দিয়েছে।
অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে বেইজিংও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আধুনিক ইলেকট্রনিক্স ও সামরিক সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও চুম্বকের রপ্তানি চীন কমিয়ে দেওয়ায় এ বিষয়টি বৈঠকে তুলতে পারে ওয়াশিংটন।
এর পাল্টা হিসেবে উচ্চ প্রযুক্তির সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির যন্ত্রাংশ রপ্তানিতে যুক্তরাষ্ট্রের আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জানাতে পারে বেইজিং।
বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি পরিবহন করিডরের স্থায়িত্ব, সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তা, তাইওয়ান প্রণালির পরিস্থিতি এবং পশ্চিম এশিয়ায় ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব নিয়েও আলোচনা হতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.