জন্মতারিখ সংশোধন কার্যক্রম মনিটরিংয়ের প্রতিবেদন পাঠানোর নির্দেশ

অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ অনুসারে জন্মতারিখ সংশোধন কার্যক্রম মনিটরিং ও প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন স্বাক্ষরিত এ সংক্রন্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়। সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে এ চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৩ আগস্ট জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ সংশোধন বিষয়ক পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্র অনুসারে অনলাইনে যাচাইযোগ্য জেএসসি বা মাধ্যমিক বা সমমান শিক্ষাসনদ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ ব্যতীত) এর ভিত্তিতে জন্মতারিখ সংশোধনের আবেদন ‘ক’ ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠপর্যায়ের সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসার নিস্পত্তি করতে পারবেন।

আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তাদের অধীনস্থ কর্মকর্তাদের এসব কার্যক্রম মনিটরিং করবেন। একই সঙ্গে দ্বৈবচয়নের ভিত্তিতে প্রতি মাসে প্রত্যেক নিষ্পত্তিকারী কর্মকর্তার ন্যূনতম তিনটি আবেদন যথাযথভাবে নিস্পত্তি হয়েছে কিনা তা সংযুক্ত ছকে প্রতিবেদন আকারে পরিচালক (অপারেশন্স)-এর ইন্টারনাল একাউন্টে পাঠাবেন।

চিঠিতে পরিপত্রের নির্দেশনা মোতাবেক গত ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ের প্রতিবেদন সংযুক্ত ছকে ২১ সেপ্টেম্বরের মধ্যে পরিচালক (অপারেশন্স), এনআইডি উইং এর ইন্টারনাল একাউন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রতি মাসের প্রতিবেদন পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.