এমটিবির প্রয়াত উদ্যোক্তার ছেলে-মেয়ের নামে ৩১ লাখ শেয়ার হস্তান্তর

পুঁজিবাজার তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা শেয়ারের মধ্যে প্রায় পৌনে ৩১ লাখ শেয়ার তার ছেলে সৈয়দ নাসিম মনজুর ও মেয়ে মুনিজ মনজুরের মধ্যে সমানভাবে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ বাবার রেখে যাওয়া এসব শেয়ারের ৫০ শতাংশ করে পেয়েছেন ছেলে-মেয়ে।

রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংকটি এ তথ্য জানিয়েছে ।

আগের ঘোষণার ধারাবাহিকতায় কোম্পানিটি জানিয়েছে, প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর নামে থাকা অবশিষ্ট ৩৭ লাখ ৭৪ হাজার ৩৯৪টি শেয়ারের মধ্যে ৩০ লাখ ৬৩ হাজার ৬৩২টি শেয়ার তার দুই নমিনির হিসাবে স্থানান্তর করা হয়েছে।

এই শেয়ারের ৫০ শতাংশ পেয়েছেন ছেলে সৈয়দ নাসিম মনজুর এবং বাকি ৫০ শতাংশ পাবেন মেয়ে মুনিজে মনজুর। হিসাব অনুযায়ী, দুজনের প্রত্যেকেই ১৫ লাখ ৩১ হাজার ৮১৬টি করে শেয়ার পেয়েছেন।

সৈয়দ নাসিম মনজুর মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একজন পরিচালক। আর মুনিজ মনজুর ব্যাংকটির একজন উদ্যোক্তা। ব্যাংকটির তথ্য অনুযায়ী, নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে শেয়ারগুলো দুই নমিনির সংশ্লিষ্ট হিসাবে হস্তান্তর করা হয়েছে।

এর আগে সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত আরেক কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডে প্রয়াত এই উদ্যোক্তার নামে থাকা মোট ১১ লাখ ৫০ হাজার ৪৯৫টি শেয়ার তার এই উত্তরাধিকারী দুই সন্তানের নিকট হস্তান্তর করা হয়েছে। এই কোম্পানিটির উদ্যোক্তা হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন সৈয়দ মনজুর এলাহী।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.