রাজধানীতে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসের মধ্যেই রোববার (২০ সেপ্টেম্বর) ভোর থেকে বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকটি এলাকায় বৃষ্টির তীব্রতাও বেড়েছে।

ভোর সোয়া ৪টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঝোড়ো বাতাস বয়ে যায়। এরপর শুরু হয় বৃষ্টি। এ সময় থেমে থেমে বজ্রপাতও হয়েছে। পরে সকাল সোয়া ৭টার দিকে বিভিন্ন এলাকায় ভারী বর্ষণ শুরু হয়।

এর আগে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, রোববার দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন আকাশসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিনে দেশে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

এদিকে শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

রোববার রাত ১২টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮১ শতাংশ।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.